গণপরিবহনকে ইলেকট্রিক বাহনে রূপান্তরের পরামর্শ জ্বালানী প্রতিমন্ত্রীর

৬ নভেম্বর, ২০২১ ২১:২০  
তেলের ওপর নির্ভরশীলতা কমাতে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ির মাধ্যমে গণপরিবহন সেবা দেয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শনিবার (৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভার্চুয়ালি এক মতবিনিময় সভায় অংশ নিয়ে এই পরামর্শ দেন প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, আমাদের ইলেকট্রিক যানবাহনের দিকে যেতে হবে। বিশেষ করে পাবলিক পরিবহনগুলো ইলেকট্রিক করা গেলে দেশে পরিবেশবান্ধব যানবাহন নিশ্চিত হবে। ইলেকট্রিক যানবাহনের ইঞ্জিনের দক্ষতা বেশি এবং সাশ্রয়ীও। তেল আমদানি খরচও কমে যাবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস পাওয়ার সাথে সাথে বাংলাদেশে তার প্রতিফলন ঘটবে বলেও কথা দেন জ্বালানী প্রতিমন্ত্রী। এসময় তিনি বলেন, জ্বালানি তেলের দাম যে হারে সমন্বয় করা হয়েছে, তাতে গণপরিবহনে ১০ কিলোমিটারে যাত্রী প্রতি ভাড়া ৯৩ পয়সার বেশি বাড়ার কথা না। ভাড়া বাড়ানোর নামে যাত্রীদের এভাবে জিম্মি করা উচিত হচ্ছে না। এর আগে গ্লাসগোতে অনুষ্ঠিত ‘কপ২৬ এনার্জি ট্রান্সজিশন কাউন্সিল মিনিস্ট্রিয়াল ইভেন্টে’ যোগ দিয়ে উন্নত প্রযুক্তি, গবেষণা ও আর্থিক সহযোগিতার সমন্বয় করে নবায়ণযোগ্য জ্বালানির ব্যাপক প্রসার নিশ্চিত করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিছেন জ্বালানী প্রতিমন্ত্রী।